রাজনীতি

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত

বাংলা টিভি ডেস্ক: গণভোটের রায় কার্যকর হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতেন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত ছিল। গণভোটের রায় বাস্তবায়ন করা হলে সংসদ সদস্যদের ভোটে কর্নেল অলি বিপুল ব্যবধানে জয়ী হতে পারতেন। একই সঙ্গে গণভোটের সিদ্ধান্ত কার্যকর করলে বিএনপিও বিতর্কের বাইরে থাকতে পারত বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনকে এবারের রাজনৈতিক বাস্তবতায় ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়। তবে এবার ১১ দল ঐক্যবদ্ধভাবে নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, অলি আহমদের মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব তথ্য ও উপাত্ত যথাযথভাবে জমা দেওয়া হয়েছে। ১১ দলের কাছে নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করাটাই বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

হামিদুর রহমান আযাদের ভাষ্য, দেশের গণতান্ত্রিক চর্চায় নতুন ধারা তৈরির লক্ষ্যেই ১১ দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। তার দাবি, বিএনপি নানা কৌশলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।

এ সময় সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button