রাজনীতি

শিক্ষকতা থেকে রাজনীতি, এবার বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

বাংলা টিভি ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দল বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা এই বর্ষীয়ান রাজনীতিক দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে এখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে প্রার্থী হয়েছেন।

ক্লাসরুম ও শিক্ষকতার পেশা ছেড়ে একসময় রাজনীতির মাঠে সক্রিয় হন মির্জা ফখরুল। রাজপথের আন্দোলন থেকে শুরু করে সংসদ সদস্য ও মন্ত্রী—রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছেন তিনি। বিএনপির কঠিন সময়েও মহাসচিবের দায়িত্ব পালন করে দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক সচেতন পরিবারে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই সমাজ ও রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি।

আশির দশকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার পর ১৯৯২ সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি নির্বাচিত হন। এরপর ধাপে ধাপে দলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন। ২০০৯ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং ২০১৬ সালে দলের মহাসচিবের দায়িত্ব পান তিনি।

সংসদীয় রাজনীতিতেও রয়েছে তার অভিজ্ঞতা। ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। ২০১৩ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে তিনি প্রধান সমন্বয়ক ও সাংগঠনিক নির্দেশকের ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে দলীয় কর্মসূচিকে ঘিরে একাধিকবার গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হন এই নেতা।

বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয় এবং কয়েকটি মামলায় আসামি করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন, মামলা, গ্রেপ্তার ও দলীয় নানা সংকট মোকাবিলা করেও বিএনপির নেতৃত্বে সক্রিয় থেকেছেন তিনি।

চার দশকের বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব এবং দলের সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয়েছেন। এবার সেই দীর্ঘ রাজনৈতিক পথচলার নতুন অধ্যায়ে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়ন দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button