সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করেছে ছাত্রদল।
বহিষ্কৃতরা হলেন—মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিক সজীবুল হৃদয়, এনটিভি অনলাইনের লালপুর-বাগাতিপাড়া প্রতিনিধি এবং মো. রাশেদুল ইসলাম, দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার একপর্যায়ে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাশেদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর চার দিন পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হলো।



