সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৯ শ্রমিকের মধ্যে দুইজনের বাড়ি গাইবান্ধায়

গাইবান্ধা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৯ শ্রমিকের মধ্যে গাইবান্ধার দুইজন রয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে মো. রানা মিয়া (২৪) ও সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হলুদিয়া গ্রামের মো. রানা মিয়ার ছেলে মো. খোকন মিয়া। তারা দুজনই দীর্ঘদিন ধরে জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক কাটার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঘটনাস্থল ও চিকিৎসাধীন অবস্থায় মোট ৯ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এদিকে শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিহত রানা মিয়া ও খোকন মিয়ার মরদেহ তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাদের মৃত্যুতে দুই গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জাহাজভাঙা ইয়ার্ডে কাজ করছিলেন রানা ও খোকন। জীবিকার তাগিদে দূরে গিয়ে কাজ করতে গিয়ে এভাবে প্রাণ হারাবেন তা মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।
দুই তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।



