আকিকার মাংস দেওয়ার প্রলোভনে নারীর অলংকার ছিনতাই, যুবক আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি (ডিজিটাল): মুন্সীগঞ্জের শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর স্বর্ণ ও রুপার অলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সম্রাট (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে অটোরিকশাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার ভাগ্যকুল কবুতরখোলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
আটককৃত সম্রাট লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার বাসিন্দা আমেনা (৬০) কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় গৃহকর্মীর কাজ করতে আসেন। যে বাড়িতে তিনি কাজ করতে এসেছিলেন, সেটির মালিকের নাম বলতে না পারায় অটোরিকশাচালক সম্রাট তাকে আকিকার মাংস দেওয়ার কথা বলে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেখানে ভয়ভীতি দেখিয়ে আমেনার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, রুপার চেইন ও হাতের চুড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন সম্রাট। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে অটোরিকশাসহ আটক করেন। পরে পুলিশকে খবর দিলে শ্রীনগর থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম বলেন, ‘স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



