বাংলাদেশ

ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষক প্রভাস কুমারকে অব্যাহতি

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক অনিয়মের অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি এবং অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ আগস্ট ওই শিক্ষার্থীর মা বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন।

পরে অভিযোগের সত্যতা যাচাইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে আরও তদন্ত করে। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ সেপ্টেম্বর প্রভাস কুমারকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, প্রভাস কুমারের বিরুদ্ধে নারী হয়রানির পাশাপাশি প্রশ্নফাঁসের অভিযোগও ছিল। অভিযোগগুলো তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের মাধ্যমে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযুক্ত শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে সিন্ডিকেট সভায় তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুটি কমিটি কাজ করেছে। তাদের প্রতিবেদন পর্যালোচনার পর সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button