বাংলাদেশ

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন ছাত্রলীগ নেতা

বাংলা টিভি ডেস্ক: ফেনীর সোনাগাজীতে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সেখানে চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাবেরের নাম রয়েছে।

জানা গেছে, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের জন্য গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই পদে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। পরে ১৭৫ জনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে উপজেলা প্রশাসন।

চূড়ান্ত তালিকায় ছাত্রলীগের ওই নেতার নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তাদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়সহ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি।

তবে আব্দুল্লাহ আল জাবের বলেন, তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে নির্বাচিত হবেন, তা তিনি আশা করেননি।

এদিকে চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও রাজনৈতিক পরিচয় যাচাই করা প্রয়োজন। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট একজন কীভাবে এমন দায়িত্ব পেলেন, তা খতিয়ে দেখা উচিত।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন বলেন, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে ১৭৫ জনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুজনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button