‘সৎ কাজের মধ্য দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে’

বাংলা টিভি ডেস্ক: জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত থাকলেই জান্নাত নিশ্চিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, সংগঠনের পরিচয়ের চেয়ে সৎকর্ম ও ভালো কাজের মাধ্যমেই জান্নাতের যোগ্যতা অর্জন করতে হবে।
সোমবার (১৭ আগস্ট) যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জামায়াত বা শিবিরের কর্মী, সাথী কিংবা সদস্য হলেই জান্নাতের ‘টিকিট’ নিশ্চিত হয়ে যায় না। মানুষের যোগ্যতা যেমন শুধু ডিগ্রির সার্টিফিকেট দিয়ে প্রমাণ হয় না, তেমনি সংগঠনের পরিচয়ও জান্নাত পাওয়ার নিশ্চয়তা দিতে পারে না। সৎকাজের মাধ্যমেই জান্নাতের পথ তৈরি করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত পাঁচ দশকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাটের কারণে দেশ পিছিয়ে পড়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে যারা চাঁদা আদায় করে, স্বাধীন বাংলাদেশে তাদের কোনো স্থান থাকা উচিত নয়।
তিনি আরও অভিযোগ করেন, ঠেলাগাড়িচালক থেকে শুরু করে ছোট দোকানদারদের কাছ থেকেও চাঁদাবাজি করা হচ্ছে। মেহনতি মানুষের ক্ষোভ ও অভিশাপই একসময় এসব চাঁদাবাজের পতনের কারণ হবে বলে মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশকে বারবার পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো জাতি অতীতের দিকে তাকিয়ে সামনে এগোতে পারে না; উন্নতির জন্য ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখতে হবে।



