বাংলাদেশ

বিদায়ী শিক্ষককে ৬ লাখ টাকা উপহার দিলেন সাবেক শিক্ষার্থীরা

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আলহাজ সৈয়দ মনিরুল হক উচ্চবিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. তাজুল ইসলাম ভূইয়া দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন। প্রিয় শিক্ষকের অবসর উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করেন তার সাবেক শিক্ষার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শিক্ষার্থী ও সহকর্মী।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাজুল ইসলাম ভূইয়াকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়ার পাশাপাশি সম্মিলিতভাবে প্রায় ৬ লাখ টাকা নগদ উপহার দেন।

সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বলেন, শ্রেণিকক্ষে শিক্ষক হিসেবে তাজুল ইসলাম ভূইয়া ছিলেন কঠোর, তবে সেই শাসনের আড়ালে ছিল শিক্ষার্থীদের প্রতি গভীর মমতা। তার কাছ থেকে তারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষাও পেয়েছেন।

বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো সত্যিকার অর্থে অবসর নেন না। তার শিক্ষা, মূল্যবোধ ও আদর্শ শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকে। তাজুল ইসলাম ভূইয়ার ৪২ বছরের শিক্ষকতা জীবনও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাবেক শিক্ষার্থীরা বলেন, ‘স্যার অবসরে গেলেও আমাদের হৃদয় থেকে কখনো অবসর নেবেন না।’ দীর্ঘদিনের প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা থেকেই এই আয়োজন করা হয়েছে বলে জানান তারা।

বিদায়ী বক্তব্যে তাজুল ইসলাম ভূইয়া বলেন, ৪২ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের ভালোবাসাই তার সবচেয়ে বড় অর্জন। অবসর নিলেও শিক্ষার্থীদের কাছ থেকে দূরে যেতে চান না তিনি। শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান এই শিক্ষক।

পরে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার দিয়ে প্রিয় শিক্ষককে বিদায়ী সম্মাননা জানান সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর খান। এ ছাড়া বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিউলি আক্তার, শিক্ষক আরিফ মাহমুদ, ইউপি সদস্য মনিরুল ইসলামসহ শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button