বাংলাদেশ

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে ঈশ্বরদীগামী একটি তেলবাহী ওয়াগনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের নজরে আসে। ভিডিও পর্যালোচনা করে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ের নিরাপত্তা বিভাগ। এ ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী স্টেশনে ট্রেনের পাওয়ারকারে তেল সরবরাহের জন্য দুটি ওয়াগন আনা হয়েছিল। তেল দেওয়ার পর ওয়াগন দুটি ‘ঢাকা মেল সিক্স ডাউন’-এর সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীর দিকে পাঠানো হয়। হরিয়ান স্টেশনে ট্রেনটি প্রায় তিন মিনিটের জন্য থামলে ওই সময় ওয়াগন থেকে তেল নেওয়া হয় বলে অভিযোগ।

ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ওয়াগনের ওপর ও রেললাইনের পাশে অবস্থান করতে দেখা যায়। তাদের কেউ জার, বালতি ও অন্যান্য পাত্রে তেল নিচে নামিয়ে দিচ্ছেন বলেও ভিডিওতে দেখা গেছে। তবে এ ঘটনায় ঠিক কত পরিমাণ তেল নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, হরিয়ান স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই ট্রেন থেকে তেল চুরির অভিযোগ রয়েছে। সাধারণত রাতের বেলায় এমন ঘটনা ঘটলেও মাঝেমধ্যে দিনের বেলাতেও তেল নেওয়ার ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে ওয়েম্যান কিরন আলী নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, তেল নেওয়ার ঘটনায় তাঁর ছোট ভাই নয়নসহ অন্যরা জড়িত থাকতে পারেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা সদস্য পাঠানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করা গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তাদের আটকের চেষ্টা চলছে।

এদিকে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ঘটনা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button