পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা!

টাঙ্গাইল (ডিজিটাল) প্রতিনিধি: মাত্র পাঁচ দিনের দুই জমজ কন্যাশিশু। মায়ের বুকের দুধ আর আদর-স্নেহ পাওয়ার বয়সেই মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অবুঝ দুই নবজাতক। সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর দুই শিশুকে বাড়িতে রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে।
এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন শিশু দুটির বাবাসহ পরিবারের অন্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে এবং একই উপজেলার সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের স্ত্রী মারিয়া আক্তার। প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা বাড়ি থেকে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের খুঁজে বের করা হয় এবং পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের প্রায় তিন বছর পর গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার কোলজুড়ে আসে জমজ দুই কন্যাশিশু। সন্তান জন্মের পর পাঁচ দিন পর্যন্ত মা ও নবজাতকরা পরিবারের সঙ্গেই ছিল।
কিন্তু গত ১৭ আগস্ট সোমবার রাতে মাত্র পাঁচ দিনের দুই নবজাতককে বাড়িতে রেখে মারিয়া চলে গেছেন বলে অভিযোগ করছেন স্বামী ও পরিবারের সদস্যরা। এরপর প্রায় দুদিন পার হলেও তিনি সন্তানদের কাছে ফিরে আসেননি। তবে কোথায় এবং কারো সঙ্গে পালিয়েছি কিনা সেটি জানা যায়নি।
এদিকে মায়ের অনুপস্থিতিতে দুই নবজাতককে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাবা সাকিব হোসেন। তিনি বলেন, “পাঁচ দিনের জমজ দুই শিশুকে নিয়ে আমি চরম বিপাকে আছি। নবজাতক দুটিকে বাঁচাতে এখন মায়ের খুব প্রয়োজন।
সাকিবের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের ইশারা বা কোনো ধরনের প্ররোচনায় তার স্ত্রী সন্তানদের রেখে চলে যেতে পারেন বলে তিনি সন্দেহ করছেন। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এঘটনায় সাকিব ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং শিশুটির মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাত্র পাঁচ দিনের দুই শিশুকে মায়ের স্নেহ ও বুকের দুধ থেকে বঞ্চিত হয়ে থাকতে হচ্ছে এ বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।



