বাংলাদেশ

ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট স্থগিত

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার (১৯ আগস্ট) ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়ে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। সেখানে তারা দাবি করেন, গান-বাজনা ও কনসার্টের আয়োজন ইসলামী শরিয়াহর পরিপন্থী এবং এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে প্রশাসনের অনুমতি নিয়ে গান-বাজনা ও কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের আপত্তির কারণে সেগুলো শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

এবারও পুরাতন স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের খবর ছড়িয়ে পড়ার পর তা বন্ধের দাবি জানানো হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই প্রশাসন অনুষ্ঠানটি স্থগিত করেছে বলে জানা গেছে।

এদিকে কনসার্ট স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ‘অ্যাশেজ’ ব্যান্ড। তারা লিখেছে, প্রশাসনের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কারণে পুরাতন স্টেডিয়ামে নির্ধারিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আবার কিশোরগঞ্জে দর্শকদের সঙ্গে দেখা হওয়ার আশাবাদও জানিয়েছে ব্যান্ডটি।

তবে কনসার্টটি পরবর্তীতে নতুন কোনো তারিখে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button