সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী

বাংলা টিভি ডেস্ক: কোনো দেশের সঙ্গে শর্তসাপেক্ষে নয়, বরং পারস্পরিক সমতা, মর্যাদা, সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানান রিজভী।
রিজভী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই বিশ্বের সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। তবে কোনো শর্ত বা বিশেষ স্বার্থের বিনিময়ে এ ধরনের সম্পর্ক গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হওয়া উচিত। বাংলাদেশের সঙ্গেও অন্যান্য দেশের সম্পর্ক একই নীতির ভিত্তিতে পরিচালিত হবে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ভারত যদি কোনো ধরনের স্বার্থ বা শর্ত ছাড়াই বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, তাহলে সরকার সেটিকে ইতিবাচকভাবে দেখবে। তবে সম্পর্কের পেছনে কোনো বিশেষ শর্ত বা স্বার্থ থাকলে বাংলাদেশ তা মেনে নেবে না। ভারতের সঙ্গেও সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।
কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারাও এতে অংশ নেন।



