বাংলাদেশ

২১ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

বাংলা টিভি ডেস্ক: নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল ঘোষণার পরপরই গেজেট প্রকাশ করা হবে এবং পরদিন সন্ধ্যায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

প্রায় ৩৫ বছর পর এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হবে।

চিফ হুইপ জানান, ভোটের ফলাফল প্রকাশের পর রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে। এরপর শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিকভাবে’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button