সরোয়ার তুষার অনার্স পড়তে চাইলে খরচ দেবেন রাশেদ খান!

বাংলা টিভি ডেস্ক: সাবেক গণঅধিকার পরিষদের নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। টেলিভিশন টকশো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও দুজনের তর্ক-বিতর্ক ক্রমেই প্রকাশ্য রূপ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় এবার সরোয়ার তুষারকে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন রাশেদ খান। একই সঙ্গে তিনি পড়াশোনার খরচ বহনেরও প্রস্তাব দিয়েছেন।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান সরোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরোয়ার তুষার অনার্স সম্পন্ন করতে পারেননি।
নিজের শিক্ষাজীবনের প্রসঙ্গ তুলে রাশেদ খান জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। এমবিএর শেষ সেমিস্টারে থাকা অবস্থায় তার সামনে পড়াশোনা চালিয়ে যাওয়া কিংবা কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল। শেষ পর্যন্ত তিনি আন্দোলনে যুক্ত হওয়ার পথ বেছে নেন এবং পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
রাশেদ খান তার পোস্টে সরোয়ার তুষারের উদ্দেশে প্রশ্ন রাখেন, কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরও তিনি কেন চাকরির কোনো পরীক্ষায় অংশ নেননি। পাশাপাশি তার শিক্ষাগত সনদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
একপর্যায়ে সরোয়ার তুষারকে ‘ড্রপআউট’ হিসেবে উল্লেখ করে রাশেদ খান বলেন, তিনি যদি আবার অনার্সে পড়তে চান, তাহলে তার পড়াশোনার ব্যয় বহন করতে প্রস্তুত আছেন। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ ও পাল্টাপাল্টি বক্তব্যে সময় না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে বিভিন্ন রাজনৈতিক ও নীতিগত ইস্যুতে টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খান ও সরোয়ার তুষারকে পরস্পরের সমালোচনায় সরব হতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তাদের এই পাল্টাপাল্টি বক্তব্য আরও তীব্র হয়ে উঠেছে।



