বাংলাদেশ

চিকিৎসকদের ওপর হামলায় ড্যাবের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

বাংলা টিভি ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা ও মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক ব্রিফিংয়ে ড্যাব নেতারা এসব কথা বলেন।

ব্রিফিংয়ে বক্তারা বলেন, চিকিৎসকরা দায়িত্ব পালন করতে গিয়ে কর্মস্থলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

ড্যাব নেতারা বলেন, চিকিৎসকরা রোগীদের সেবা দিতে গিয়ে যদি হামলা ও হয়রানির শিকার হন, তাহলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়বে। তাই চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button