গ্রাম বাংলাদেশবাংলা

কচুয়ায় আ.লীগ নেতা অ্যাডভোকেট হেলাল গ্রেপ্তার

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: ​চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​রোববার (৩০ আগস্ট) সকালে চাঁদপুর শহরের নিজ চেম্বারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কচুয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্টকে কেন্দ্র করে কচুয়ার পালাখাল এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি হিসেবে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে গ্রেপ্তারের পর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​উল্লেখ্য, অ্যাডভোকেট হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের পাশাপাশি কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button