দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়!

বিনোদন ডেস্ক: দেবী দুর্গার সাজে নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের মালা ও শরীরজুড়ে গয়না—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে দুর্গাপূজার আবহ। হাতে পদ্মফুল নিয়ে তাঁর এই রূপ দেখে মুহূর্তের জন্য প্রতিমার সঙ্গে পার্থক্য করাও কঠিন বলে মনে করছেন অনেকে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
দুর্গার সাজে পরীমনির উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ভিডিওতে লাল পাড়ের সাদা শাড়ি, মাথার মুকুট ও বাহারি গয়নায় তাঁকে দেখা যায়। পুরো সাজেই ছিল উৎসবের আমেজ।
পরীমনির নতুন এই লুক দেখে মন্তব্যের ঘরে প্রশংসা জানিয়েছেন তাঁর অনুসারীরা। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’, আবার কারও মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা।’ একজন ভক্ত জানিয়েছেন, কয়েক দিন আগেই তাঁর মনে হয়েছিল, পরীমনিকে দুর্গার সাজে দারুণ মানাবে। অভিনেত্রীকে এমন রূপে দেখে সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওটি প্রকাশের প্রথম এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৩৭ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় সাড়ে পাঁচ হাজার মন্তব্য এবং কয়েক লাখ ভিউ দেখা যায়। পাশাপাশি ভিডিওটি শেয়ারও করেছেন অনেকে। সব মিলিয়ে পরীমনির এই বিশেষ ফটোশুট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এ অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। তবে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।



