বাংলাদেশ

‘সুবিচারের প্রতিশ্রুতিতে’ নারীকে নিয়ে আবাসিক হোটেলে সিকান্দার আলী, অতঃপর…

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারে পারিবারিক বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে এক নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিকান্দার আলীর বিরুদ্ধে। এ অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিকান্দার আলী রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। অভিযোগটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের একাংশও বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

ভুক্তভোগী নারী ও তার স্বামীর অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য তারা সিকান্দার আলীর সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় বিএনপি নেতা ও সমাজ কমিটির সভাপতি হিসেবে তার প্রভাব থাকায় তিনি বিরোধটি সমাধানের আশ্বাস দেন।

অভিযোগে বলা হয়েছে, বিরোধ মীমাংসার কথা বলে সিকান্দার আলী ওই নারীকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’ নামে একটি আবাসিক হোটেলে যেতে বলেন। নির্ধারিত সময়ে সেখানে গেলে তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এলাকায় আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা ও মন্তব্য ছড়িয়ে পড়ে।

তবে সিকান্দার আলী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই একটি পক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।

অভিযোগের বিষয়ে রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল খায়ের বলেন, ওই নারীর স্বামী তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে বলেও তিনি জানান। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তদন্ত শেষে সমাজের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, তারা ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিযোগটি দেখেছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হলে সিকান্দার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় থানায় কোনো মামলা বা আনুষ্ঠানিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button