সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বাংলা টিভি ডেস্ক: আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এটি মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়; এর সঙ্গে বৈশ্বিক সংকটও জড়িত। তবে এ পরিস্থিতিতে সরকার নিষ্ক্রিয় হয়ে বসে নেই এবং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গ্যাস সরবরাহ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করছেন।
সরকার পরিচালনায় বিএনপি ও সরকারকে পরস্পরের সহযোগী হিসেবেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
দেশের চলমান বিভিন্ন সংকট দ্রুত কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।



