মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এমন আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শনিবার (১৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়টির নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে মাঠে নাচানাচি করতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী গান বাজিয়ে আনন্দ-উল্লাস করছে। এ সময় নীরব, ইউনুস ও মিতু নামের কয়েকজন শিক্ষার্থী গানের তালে নাচার সময় হাতে মদের বোতল নিয়ে অভিনয় করে। বোতলের ভেতরে মদের মতো দেখতে তরল পদার্থ থাকলেও সেটি প্রকৃতপক্ষে মদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে কয়েকজন শিক্ষার্থীকে সাদা গেঞ্জি পরেও দেখা যায়। এসব গেঞ্জিতে বিভিন্ন ধরনের বাক্য লেখা ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার ছিল শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের শেষ দিন। বিকেল ৪টায় ছুটি দেওয়ার পর শিক্ষার্থীরা আনন্দ করতে গিয়ে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। পরে তিনি বিষয়টি জানতে পারেন।
প্রধান শিক্ষক বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রয়েছে মোট ৬০ জন। তাদের মধ্যে ২১ জন ছাত্র ও ৩৯ জন ছাত্রী। শিক্ষার্থীদের এই কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানান, বোতলের ভেতরে কী ধরনের তরল ছিল, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। কাউকে ওই তরল পান করতেও দেখেননি। তবে বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে বোতল হাতে নিয়ে এভাবে নাচানাচি করা ঠিক হয়নি বলে তাঁরা স্বীকার করেন।
বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ভিডিওতে দেখা বোতলের ভেতরের তরল পদার্থের প্রকৃতি এবং এ ঘটনায় কোনো শিক্ষার্থী মদ পান করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।



