বাংলাদেশ

অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে অতীতের ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের পথে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও সেগুলো মোকাবিলা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে ভারতের হাইকমিশনার বলেন, এ বিষয়ে মন্তব্য করা তার জন্য সমীচীন নয়। জনগণের ভোট ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সরকার নির্বাচিত হবে, জনগণের জন্য কোনটি কল্যাণকর তা সেই সরকারই ভালোভাবে বুঝবে বলেও মন্তব্য করেন তিনি।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক জনগণ-সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ে। তাই দুই দেশেরই দায়িত্ব হলো জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া।

তিনি বলেন, সীমান্তের পাশাপাশি দুই দেশ একে অপরের সঙ্গে স্বপ্নও ভাগ করে নেয়। প্রতিবেশী হিসেবে এ কারণে উভয় দেশের দায়িত্ব আরও বেড়ে যায়। দুই দেশকে সমান অংশীদার হিসেবে দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ কারও চেয়ে বড় বা ছোট নয়।

বাংলাদেশ ও ভারতের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবেশী দুই দেশেরই নিজস্ব কিছু সমস্যা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোকেও বুঝতে হবে। এসব বাস্তবতা মাথায় রেখেই সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে।

অতীতের সম্পর্ক নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, অতীতকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয়। তবে অতীতের ঘটনাকে আঁকড়ে থাকলে উন্নয়ন ও সহযোগিতার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই ভবিষ্যতের সম্ভাবনার দিকে নজর দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান হাইকমিশনার। বিশেষ করে কীভাবে বাংলাদেশ ও ভারত মুক্ত বাণিজ্যের দিকে আরও এগিয়ে যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, সম্পর্কের পথে চ্যালেঞ্জ ও বাধা থাকবেই। তবে সেগুলো অতিক্রম করেই দুই দেশের সহযোগিতা ও সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button