সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুল উদ্বোধন

বাংলা টিভি ডেস্ক: সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণ স্কুল’ চালু করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
উদ্বোধনী কার্যক্রম শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় সেখানে আয়োজিত ড্রোন প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও আধুনিক করতে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে ড্রোন পরিচালনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সরঞ্জাম ব্যবহারে দক্ষ সদস্য তৈরিতে কেন্দ্রটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি সিলেটে সালাহউদ্দিন আহমদের প্রথম সরকারি সফর। তার আগমনকে কেন্দ্র করে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরসহ নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর তিনি সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।



