বাংলাদেশ

‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে স্টোরি দেওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নিরব পোদ্দার (১৮) নামে এক যুবক। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নিরব পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া চৌকিদার কান্দি গ্রামের বাবুল পোদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার আগের রাতে অর্থাৎ রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চির বিদায় পৃথিবী’ লেখা একটি স্টোরি পোস্ট করেছিলেন নিরব। এর প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার দুপুরে বন্ধুর ইয়ামাহা এফজেড মোটরসাইকেল নিয়ে ইউসুফ (১২) নামে এক কিশোরকে সঙ্গে করে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন তিনি।

চরখাগুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে নাওডোবার দিকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান নিরব। একই সময় মোটরসাইকেলে থাকা ইউসুফ রাস্তার পাশের পানিতে পড়ে গুরুতর আহত হয়।

আহত ইউসুফ একই এলাকার মামুন মাদবরের ছেলে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রীও আহত হন। তারা হলেন শরীয়তপুরের দাতপুর ইউনিয়নের লিয়াকত মাদবরের মেয়ে মিম (২০) এবং মাদারীপুরের খোয়াজপুর এলাকার মেছের মোল্লার মেয়ে মলিনা।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে মিম ও মলিনাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে। পাশাপাশি পলাতক চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ বলেন, নিরবকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। ইউসুফ নামে এক কিশোর গুরুতর আহত ছিল। মোটরসাইকেল থেকে ছিটকে সে পানিতে পড়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করেছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button