‘প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি এবং তিনি জনগণের নেতা। তাই তার ভারত সফরের বিষয়টি তার ওপরই ছেড়ে দেওয়া উচিত।
তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে যা প্রয়োজন, তা করার বিষয়ে উভয় পক্ষেরই আগ্রহ রয়েছে। দুই দেশের কর্মকাণ্ড যদি জনগণকেন্দ্রিক হয়, তাহলে প্রয়োজনীয় বিষয়গুলো স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রে আলোচনার গুরুত্ব তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আলোচনার কোনো শেষ নেই। আলোচনা থেমে গেলে সেটিকে আর প্রকৃত গণতন্ত্র বলা যায় না।
তিনি বলেন, আলোচনা একটি বহমান নদীর মতো। গঙ্গা-পদ্মার স্রোতের মতো এটি অব্যাহত থাকবে, কখনো থেমে থাকবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াও একইভাবে চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, তিনি এ প্রক্রিয়া নিয়ে আশাবাদী এবং আত্মবিশ্বাসী। গণতন্ত্রের এই প্রক্রিয়া সবসময় চলমান থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান ভারতের হাইকমিশনার।



