বাংলাদেশ

পান আনতে পাঠিয়ে ভ্যান ছিনতাই, সেই রেজওয়ান পেল নতুন ভ্যান

বাংলা টিভি ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে পান আনতে গিয়ে ব্যাটারিচালিত ভ্যান হারানো কিশোর রেজওয়ান ইসলামকে নতুন একটি ভ্যান উপহার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে তাকে ভ্যানটি দেওয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কিশোর রেজওয়ান ও তার পরিবারের হাতে নতুন ব্যাটারিচালিত ভ্যান ও খাদ্যসামগ্রী তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা।

রেজওয়ান ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে।

জানা যায়, গত ২৭ আগস্ট রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরে বাসার মালামাল নিয়ে যাওয়ার কথা বলে রেজওয়ানকে ভ্যানসহ ভাড়া করেন। পরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের একটি এলাকায় পৌঁছে তারা তাকে রাস্তার পাশের দোকান থেকে পান আনতে পাঠান। রেজওয়ান পান নিয়ে ফিরে এসে দেখেন, ওই দুই ব্যক্তি তার ভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন।

ভ্যান হারিয়ে কান্নারত রেজওয়ানের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর তাকে সহায়তার আশ্বাস দেন ইউএনও ফারাহ ফাতেহা তাকলিমা।

এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলা প্রশাসন ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে রেজওয়ানের পরিবারের হাতে নতুন ভ্যান ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ইউএনও ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, কিশোরটির পরিবারের আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। রেজওয়ান যাতে আবারও নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য নতুন ভ্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তার পরিবারের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button