হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনের সময় বেশ কিছু অনিয়ম তার নজরে আসে।
হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। এ সময় কয়েকজন রোগী অভিযোগ করেন, প্রয়োজনের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের হাসপাতালে পাওয়া যায় না। পাশাপাশি নার্সদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও করেন তারা।
রোগী ও স্বজনদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, হাসপাতালের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।
এ সময় দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন কর্মসূচির বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, হাম প্রতিরোধে ইতোমধ্যে চার কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান তিনি।



