বাংলাদেশ

‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত খাবারের মধ্যে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় নিজের প্লেটে টিকটিকি দেখতে পান বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে এ বিষয়ে অভিযোগ জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও প্রকাশ করেন তিনি।

পোস্টে আরেফিন তানভীর লেখেন, দুপুরে খাবার খেতে গিয়ে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর তিনি সেখানে সেদ্ধ টিকটিকি দেখতে পান। পরে ডাইনিং পরিচালকের কাছে অভিযোগ জানিয়ে সেখান থেকে চলে যান।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের খাবার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। তাঁরা খাবার প্রস্তুত ও পরিবেশনে আরও সতর্কতা অবলম্বন এবং এ ধরনের ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে ডাইনিং পরিচালক জানান, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় সিলিং থেকে একটি টিকটিকি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। বিষয়টি আগে কারও নজরে আসেনি বলেও দাবি করেন তিনি। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট গামলার সব ভাত ফেলে দেওয়া হয়েছে বলে জানান ডাইনিং পরিচালক।

অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখেছেন। দেয়াল থেকে একটি টিকটিকি হঠাৎ ভাতের গামলায় পড়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে ডাইনিং পরিচালককে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রভোস্ট আরও জানান, অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য ডাইনিং পরিচালক দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং যে গামলায় টিকটিকি পাওয়া গেছে, সেই গামলার ভাত আর পরিবেশন করা হয়নি।

ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের খাবারের মান, পরিচ্ছন্নতা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button