দাউদকান্দিতে ফিলিং স্টেশন থেকে পিকআপ চুরি, ফেরত দিতে চাঁদা দাবি

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে তাসফিন ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা একটি মিনি পিকআপ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়ির মালিক মো. রেজাউল করিম মিয়াজী চালক মো. আলতাফ হোসেনসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সেন্দি এলাকার তাসফিন ফিলিং স্টেশন থেকে মিনি পিকআপটি নিখোঁজ হয়। এ সময় চালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
গাড়ির মালিক রেজাউল করিমের অভিযোগ, তার নিয়োজিত চালক আলতাফ হোসেন পিকআপটি গ্যারেজে না রেখে ফিলিং স্টেশনে পার্কিং করে রাখেন। পরে সেখানে গিয়ে গাড়িটির সন্ধান না পেয়ে চালকের কাছে বিষয়টি জানতে চান তিনি। এ সময় চালক অসংগতিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন গাড়ির মালিক।
এদিকে, গাড়িটি চুরির পর একটি চক্র মুঠোফোনে যোগাযোগ করে বলে অভিযোগ উঠেছে। পিকআপটি ফেরত দেওয়ার বিনিময়ে বিকাশ নম্বর পাঠিয়ে দেড় লাখ টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর গাড়ির মালিক রেজাউল করিম মিয়াজী চালক আলতাফ হোসেনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং চুরি হওয়া পিকআপটি উদ্ধারের আবেদন জানিয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় পিকআপটি উদ্ধারে এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি মামলার পরবর্তী তদন্তের ওপর নির্ভর করছে।



