বাংলাদেশ

‘রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন’

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তাঁরা দেশের কোন জেলার বাসিন্দা এবং তাঁদের পরিবারের সদস্যরা কোথায় থাকেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্বজনদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।

শামা ওবায়েদ বলেন, এর আগে হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। এবার রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও দুই বাংলাদেশির প্রাণহানি ঘটেছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছে দেশ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের হামলা ও সংঘাত দ্রুত বন্ধ হবে। মানুষের প্রাণহানির ঘটনা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং হতাহতদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

এ ছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা যেন যথাসম্ভব নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

হামলার পর রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান শামা ওবায়েদ। হামলার সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট অবস্থান করছিল কি না কিংবা কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে সরকারের কাছে এখনো নিশ্চিত তথ্য নেই বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, হামলার খবর পাওয়ার পরপরই ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।

নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ঘটনাটি সাম্প্রতিক হওয়ায় এ বিষয়ে সৌদি সরকার এবং সংশ্লিষ্ট কর্মপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজখবর রাখছে সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button