মেঘনায় অভিযানে ১০ জেলে আটক, মা ইলিশ গেল মাদ্রাসা-এতিমখানায়

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাল, নৌকা ও মাছ জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
তিনি জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম ও ইলিশ জব্দ করা হয়।
আটকের পর মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাত জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বাকি দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। তাঁদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, কারাদণ্ডপ্রাপ্ত সাত জেলেকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা ৩ হাজার মিটার কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অন্যদিকে, জব্দ করা ৪০ কেজি ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং অবৈধভাবে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



