ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাংলা টিভি ডেস্ক: বিয়ের শর্ত হিসেবে নয়, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়াকে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, স্ত্রী বা তার পরিবারের কাছে অর্থ দাবি করলেই তা যৌতুক নিরোধ আইনের অপরাধ হবে না; অর্থের দাবি আইনে নির্ধারিত যৌতুকের সংজ্ঞার মধ্যে পড়তে হবে।
এ পর্যবেক্ষণের ভিত্তিতে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।
রোববার (১১ অক্টোবর) বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চের ২১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে গত ১৫ জুন এ রায় দেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম আইন অনুযায়ী মো. রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের বাইতুশ শরফ মসজিদ রোড এলাকার ভাড়া বাসায় রাসেল উদ্দিন তার ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে কাঠের লাঠি দিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় করা মামলায় ২০২৩ সালের ১৫ নভেম্বর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ রাসেল উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামি।
আপিলের শুনানিতে সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে হাইকোর্ট বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২(ঞ) ধারা অনুযায়ী, বিয়ের শর্ত বা বিবেচনা হিসেবে বর বা বরপক্ষের কাছে অর্থ বা সম্পত্তি দাবি করাকে যৌতুক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
আদালত পর্যবেক্ষণে বলেন, মামলার বাদী ও অন্য সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে, অর্থ দাবি করা হয়েছিল আসামির ব্যবসার প্রয়োজনে। ফলে ব্যবসার জন্য টাকা চাওয়াকে আইনের সংজ্ঞা অনুযায়ী যৌতুক হিসেবে গণ্য করার সুযোগ নেই। এ ক্ষেত্রে যৌতুক দাবির অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।
রায়ে আরও বলা হয়, স্বামীর শুধু টাকা দাবি করাই যৌতুক নিরোধ আইনের ৪ ধারার অধীন অপরাধ নয়। এটি আইনের একটি মীমাংসিত নীতি।
আদালত বলেন, বিয়ের শর্ত হিসেবে টাকা চাওয়া হয়েছিল, এমন কোনো অভিযোগ নেই। আইনের সংজ্ঞার মধ্যে না পড়লে কোনো অর্থ বা সম্পদকে যৌতুক বলা যাবে না।



