বাংলাদেশ

পরকীয়ার অভিযোগে চুল কেটে দেওয়া হলো নারীর, আর্তচিৎকারেও থামেনি নির্যাতন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে জোর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ সময় ওই নারীকে মারধরও করা হয় বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের দৃশ্য ধারণ করা দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেপারীডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নির্যাতনের শিকার নারী ওই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. জলিল মোল্যা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কালো টি-শার্ট পরা এক যুবক তাঁর হাত ধরে রেখেছেন। এ সময় চেক টি-শার্ট পরা আরেক যুবক ধারালো কাঁচি দিয়ে তাঁর মাথার চুল এলোমেলোভাবে কাটতে থাকেন। নারীটি চিৎকার করে নিজেকে রক্ষার চেষ্টা করলেও চুল কাটা বন্ধ হয়নি। ভিডিওর শেষ দিকে তাঁকে চড় মারতেও দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনায় অভিযুক্ত দুই যুবক হলেন প্রতিবেশী ইউসুফ বেপারীর নাতি সুমন হোসেন ও জয় হোসেন।

এ ছাড়া ১ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে ওই নারী ও তাঁর সঙ্গে থাকা এক যুবককে রাতে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার দৃশ্য দেখা যায়। ভিডিওতে তাঁদের মারধর করার দৃশ্যও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই নারী শনিবার (১০ অক্টোবর) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা তাঁর কক্ষ থেকে এক যুবককে আটক করেন। যুবকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনও তাঁকে আটক করেন বলে দাবি করা হয়েছে।

পরে তাঁদের দিনভর আটকে রাখা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রোববার বিকেলে ওই নারীর চুল কেটে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক দল অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে তার বিচারের জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় আইনবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button