বাংলাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণালঙ্কার ও রুপার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এতে পাওয়া গেছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার। প্রায় ছয় বছর ধরে জমা হওয়া এসব মূল্যবান সামগ্রীর ওজন নির্ধারণের পাশাপাশি সোনার ক্যারেট যাচাই ও বৈদেশিক মুদ্রা গণনার কাজ চলছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ট্রেজারিতে সংরক্ষিত ৯টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব সামগ্রীর হিসাব করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওজন নির্ধারণ ও যাচাইয়ের কাজ শেষ হলে স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। অন্যদিকে, দানবাক্সে পাওয়া বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

সোমবার বিকেলে রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেসী জানান, বৈদেশিক মুদ্রা গণনার কাজ শেষ হতে রাত ৮টা পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া স্বর্ণালঙ্কার ও রুপা নিলামে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছিল। সে সময় প্রায় তিন বছর ধরে জমা হওয়া ৪১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৪ ভরি রুপা পাঁচটি ভাগে ভাগ করে নিলামে তোলা হয় বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ওই সময় দানসিন্দুকে পাওয়া বৈদেশিক মুদ্রা বিনিময় করে ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা পাওয়া গিয়েছিল। দানবাক্সে সংগৃহীত অর্থ রূপালী ব্যাংকে জমা রাখা হয়। আর স্বর্ণালঙ্কার সংরক্ষণ করা হয় জেলা প্রশাসনের কালেক্টরেট ট্রেজারিতে।

সর্বশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

ঐতিহাসিক এ মসজিদে দেশ-বিদেশের অসংখ্য মানুষ নিয়মিত দান করে থাকেন। দানবাক্সে জমা হওয়া অর্থ ও মূল্যবান সামগ্রী মসজিদের তহবিলে যুক্ত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button