বাংলাদেশ

এক ভুয়া টিকিট ১০-১২ জনের কাছে বিক্রি করতেন কালু

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট জাল করে বিক্রির অভিযোগে রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে অপরাধের দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে।

অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম এবং সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান উপস্থিত ছিলেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কম্পিউটারের সাহায্যে ট্রেনের টিকিটে যাত্রীর নাম ও তারিখ পরিবর্তন করে সেগুলোর ফটোকপি তৈরি করত। পরে এসব জাল টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা হতো। একটি টিকিট ১০ থেকে ১২ জনের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, একই আসনের বিপরীতে একাধিক যাত্রী টিকিট নিয়ে ট্রেনে উঠলে তাঁদের ভোগান্তিতে পড়তে হতো। এমনকি আসনে বসাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনাও ঘটেছে।

এসব অভিযোগের ভিত্তিতে সোমবার স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় রিপন মিয়াকে আটক করে তাঁর কাছ থেকে ৪০টি টিকিটে মোট ৮৩টি আসনের ভুয়া টিকিট উদ্ধার করা হয়। তাঁর হোয়াটসঅ্যাপেও একই ধরনের আরও জাল টিকিট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধ সংঘটনের সময় হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button