গ্রাম বাংলাদেশবাংলা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়িরচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৬২) দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার স্ত্রী ঝরনা বেগমের বয়স ৪৮ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে ভোরে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী। তারা হেঁটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে যান। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button