গ্রাম বাংলাদেশবাংলা

নৌকায় ভোট চাওয়া বিএনপি নেতা পেলেন সারের ডিলার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাওয়া বিএনপির এক নেতা পেয়েছেন সারের ডিলার।

মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদার মালিকানাধীন মেসার্স শান্ত ট্রেডার্সকে সারের ডিলার হিসেবে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ে আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন ভিত্তিক সারের ডিলারদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিষয়টি সবার নজরে আসে। তালিকায় মেরুরচর ইউনিয়নের ডিলার হিসেবে মেসার্স শান্ত ট্রেডার্সের নাম রয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সাদা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুল ইসলাম সাদা একটি মতবিনিময় সভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছিলেন। সেই সময় নৌকায় ভোট চাওয়ার অপরাধে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। সেই সময়ের রাজনৈতিক অবস্থান এবং বর্তমানে বিএনপির পদে থেকে সরকারি সার ডিলারের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে দলের নেতাকর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা পেলে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়। এ ক্ষেত্রে সাইফুল ইসলামের ডিলার নিয়োগের বিষয়টি কীভাবে বিবেচনা করা হয়েছে, তা প্রকাশ করা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

তবে ডিলার নিয়োগে কোনো অনিয়ম বা রাজনৈতিক প্রভাব খাঁটানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদা জানান, আমাকে সেসময় বহিষ্কার করা হয়েছিল পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল রাখা হয়। এছাড়া সার ডিলার নিয়োগ নিয়ে মেরুরচর ইউনিয়ন থেকে ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন এর মধ্য থেকে আমাকে নিয়োগ দিয়েছে।

নিয়োগ কিভাবে দিয়েছে প্রশ্নে তিনি আরও বলেন, রাজনীতি করার কারণেই তিনি এই সার ডিলার পেয়েছেন বলে জানান।

উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর জানান, আওয়ামী লীগে ভোট চাওয়ার কারণে মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদাকে সে সময় বহিষ্কার করা হয়েছিল পরে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আর সার ডিলার নিয়োগ কিভাবে পেয়েছে তা আমার কিছু জানা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়ন থেকে সার ডিলারের জন্য একাধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল এর মধ্যে প্রতি ইউনিয়ন থেকে তিনটি প্রতিষ্ঠানের নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে। জেলা কমিটি ওই তিন জনের নামে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠালে মন্ত্রণালয় এসব ডিলার নিয়োগ দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button