বাংলাদেশ

আজ আন্তর্জাতিক ব্যর্থতা দিবস

বাংলা টিভি ডেস্ক: আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নেওয়া এবং নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা জোগাতেই প্রতি বছর দিনটি পালিত হয়। ২০১০ সালে ফিনল্যান্ডের একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উদ্যোগে দিবসটির সূচনা হয়।

ব্যর্থতাকে লজ্জার বিষয় হিসেবে না দেখে চেষ্টা ও সাহসের প্রমাণ হিসেবে বিবেচনা করাই এ দিবসের মূল বার্তা। কারণ, ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়, বরং কোনো কিছু অর্জনের জন্য চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ।

ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ২০১০ সালে দিবসটি পালনের উদ্যোগ নেন। তারা লক্ষ করেন, ব্যর্থতার ভয়ে দেশটির অনেক মানুষ নতুন ব্যবসা কিংবা উদ্যোগ শুরু করতে সাহস পাচ্ছিলেন না। এ পরিস্থিতি বদলাতে তারা এমন একটি দিনের প্রস্তাব করেন, যার মাধ্যমে ব্যর্থতা স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হবে। এতে মানুষ ব্যর্থতার ভয় কাটিয়ে নতুন উদ্যোগে উৎসাহিত হবে- এমনটাই ছিল তাদের প্রত্যাশা।

শিক্ষার্থীদের এই উদ্যোগ দ্রুত ফিনল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে যায়। ২০১২ সালের মধ্যে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হতে শুরু করে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান- উভয়ের ক্ষেত্রেই ভুল থেকে শিক্ষা নেওয়াকে বিকাশ ও সাফল্যের গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হয়।

সাধারণত ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখা হলেও দিবসটি মনে করিয়ে দেয়, ব্যর্থ হওয়া মানেই একজন মানুষ ব্যর্থ নন। সাফল্যের পথে একাধিকবার ব্যর্থ হওয়া স্বাভাবিক। সফল ব্যক্তিদের জীবনের গল্প ঘাঁটলেও দেখা যায়, তাদের অনেকেরই রয়েছে ব্যর্থতা ও না পারার অভিজ্ঞতা। তাই সাফল্যের আগে বারবার ব্যর্থ হওয়াকে অস্বাভাবিক নয়, বরং এগিয়ে যাওয়ারই একটি অংশ হিসেবে দেখা উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button