আন্তর্জাতিক

ইরানে সম্ভবত আমরা ‘বাড়াবাড়ি’ করে ফেলেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্তমান নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য উপযুক্ত প্রতিনিধি খুঁজে পেতে সমস্যায় পড়েছে ওয়াশিংটন।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী প্রচার সমাবেশে অংশ নেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের বিষয়ে যুক্তরাষ্ট্র হয়তো সীমা ছাড়িয়ে গেছে। এখন দেশটির সঙ্গে কারা আলোচনায় বসবেন, তা নির্ধারণ করাই কঠিন হয়ে পড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের কেউই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে আগ্রহী নন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ওয়াশিংটন যাঁদের বিবেচনায় রেখেছিল, তাঁদের কেউই প্রেসিডেন্ট হতে রাজি হচ্ছেন না। ফলে তেহরানের সঙ্গে আলোচনার জন্য উপযুক্ত পক্ষ নির্বাচন করা যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও নিজের আগের দাবির পুনরাবৃত্তি করেছেন ট্রাম্প। তাঁর দাবি, প্রায় আট মাসের যুদ্ধে ইরান বিমানবাহিনী হারানোর পাশাপাশি নৌবাহিনীর ১৫৯টি জাহাজও হারিয়েছে। তিনি বলেন, ইরানের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজগুলো এখন সমুদ্রের তলদেশে পড়ে রয়েছে।

হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বাড়তে থাকার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এল। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগর এলাকায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও আলজাজিরা

সংশ্লিষ্ট খবর

Back to top button