বাংলাদেশ

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

বাংলা টিভি ডেস্ক: মাদারীপুর শহরের শকুনী লেকপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলের কাছেই স্বাধীনতা অঙ্গনে আজ বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে এনসিপির সমাবেশের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।

তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button