চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দোভাষী বাজারের পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। সেখান থেকে প্রায়ই অজগর লোকালয়ে চলে আসে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে দোকানের শোকেসে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন দোকানিরা। পরে সবার সহযোগিতায় সেটিকে সাবধানে নিচে নামিয়ে আনা হয়।
এ সময় অজগরটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক জানান, রাতে হঠাৎ দোকানের শোকেসে অজগরটি দেখতে পেয়ে তাঁরা ভয় পেয়ে যান। পরে অন্যদের সহযোগিতায় সেটিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে অজগরটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড় এলাকায় অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, বাজারের পাশে সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখান থেকেই অজগরটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওই এলাকায় অজগর আসার ঘটনা ঘটেছে। তবে আগের অজগরগুলো আকারে ছোট ছিল। এবারই প্রথম প্রায় ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।



