ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম

বাংলা টিভি ডেস্ক: ছাত্রদের আত্মত্যাগের কারণেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, বর্তমানে স্বৈরাচার ও চাঁদাবাজরা এক হয়ে দেশ ধ্বংসের পরিকল্পনা করছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপির কর্মকাণ্ডের কারণে মানুষ স্বস্তিতে নেই। আগে যারা অর্থ পাচার করেছেন, তাঁদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের একাংশের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দলের মধ্যে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গ্যাসের দামসহ বিভিন্ন পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য বাড়ছে, যার চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।
তাঁর অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
এ সময় প্রশাসনের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ারও আহ্বান জানান তিনি।
শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার। এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর জবাবদিহি এবং জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তাঁরা।



