বাংলাদেশসরকার

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার আয়োজনের পরিকল্পনা করছে সরকার। পুনঃপরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে তারা সাধারণ শিক্ষাব্যবস্থায় থাকবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় স্থানান্তরিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে একটি প্রজন্মকে লক্ষ্য করে কাজ শুরু করতে হবে, যাতে ভবিষ্যতে এই অবক্ষয় রোধ করা সম্ভব হয়। এ জন্য প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকেই সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।

শিক্ষার্থীদের ঝরে পড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা উত্তীর্ণ হয়েছে, তারা তো এগিয়েছেই। তবে যারা ঝরে পড়েছে কিংবা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের বিষয়টি আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কীভাবে এসব শিক্ষার্থীকে আবার শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে।

এসএসসি পরীক্ষার নতুন পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা টেনে নেওয়ার পরিবর্তে দ্রুত তাদের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, পুনঃপরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না। সেখানে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হলে তাদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষার ধারায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ উদ্যোগের লক্ষ্য হলো অকৃতকার্য ও ঝরে পড়া শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়ন করে তাদের জন্য উপযুক্ত শিক্ষার পথ নির্ধারণ করা। তবে পরিকল্পনাটি বাস্তবায়নের বিস্তারিত নিয়ম ও সময়সূচি সম্পর্কে অনুষ্ঠানে আলাদা করে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button