বাংলাদেশ

টিকটকে পরিচয়, ৪ কিশোরীর সমকামী প্রেম: ‘বিয়ে’ করে উধাও, ৬ দিন পর উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়ের পর একসঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়েছে চার কিশোরী। পরে ঢাকার হেমায়েতপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা একসঙ্গে বসবাস শুরু করে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ হওয়ার ছয় দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে উদ্ধার করেছে মিরপুর থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার গোপীনাথপুর এলাকার তিন কিশোরী গত ৫ অক্টোবর পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। পরে নিখোঁজ কিশোরীদের সন্ধানে তদন্ত শুরু করে মিরপুর থানা-পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের একটি গ্রুপের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার আরেক কিশোরীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একইভাবে মিরপুরের অন্য দুই কিশোরীর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চার কিশোরী একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে গত ৫ অক্টোবর মিরপুরের তিন কিশোরী বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে তারা নারায়ণগঞ্জের কিশোরীর সঙ্গে মিলিত হয়।

এরপর চারজন ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি বাসা ভাড়া নেয়। পুলিশ জানায়, সেখানে দুই কিশোরী নিজেদের মধ্যে বিয়ের মতো একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একসঙ্গে বসবাস শুরু করে বলে দাবি করেছে। অন্য দুই কিশোরীও একই বাসায় থাকছিল।

নিখোঁজের ঘটনা তদন্তের একপর্যায়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলামের তত্ত্বাবধানে কাকিলাদহ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী ও তাঁর দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান শনাক্ত করেন।

পরে গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ থেকে ১৭ বছর বয়সী চার কিশোরীকে উদ্ধার করা হয়।

মিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মিরপুর থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে হেমায়েতপুর থেকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে নারায়ণগঞ্জের আরেক কিশোরীকেও উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টিকটক গ্রুপের মাধ্যমে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্ক তৈরি হয়েছিল। একসঙ্গে থাকার উদ্দেশ্যেই তারা বাড়ি ছেড়েছিল। পরে চারজনকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button