গাজীপুর আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই সেখানে এসব কার্যক্রম চালানো হতো। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।



