
বাংলা টিভি ডেস্ক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে বিরোধী দল অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি দল ও বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করতে চায় সরকার। এ জন্য বিরোধী দলকে বারবার আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। তবে তারা অংশ না নিলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, ‘এটা জাতির প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। এখন সরকার সেই সনদ বাস্তবায়নে কাজ করছে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে বিরোধী দলকে প্রতিনিধি দেয়ার আহ্বান জানানো হয়েছে। তারা প্রতিনিধি দিলে আলোচনায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। সংসদের অধিবেশনসহ কমিটির প্রতিটি বৈঠকে বিরোধী দলকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। চাইলে তারা লিখিত মতামতও দিতে পারবে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রতিবেদন তৈরির পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলেও বিরোধী দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
বৈঠককে গুরুত্বপূর্ণ ও জ্ঞানসমৃদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, অংশগ্রহণকারীদের অনেকে লিখিত বক্তব্য দিয়েছেন। অন্যরাও আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত মতামত দেবেন বলে জানিয়েছেন।
সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, বর্তমান সংবিধানের ১৪২ অনুচ্ছেদে সংশোধনের যে বিধান রয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের গণভোট-সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের রায়ের মাধ্যমে এ বিষয়ে যে পরিবর্তন এসেছে, তা আইনসভার মাধ্যমে কীভাবে বিবেচনা করা যায়, সে বিষয়েও মতামত এসেছে।
ভবিষ্যতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা কিংবা অতিরিক্ত নমনীয়তা—কোনোটিই যেন তৈরি না হয়, সে বিষয়ে বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গঠনপ্রক্রিয়া ও সম্ভাব্য বিকল্পগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান কমিটির সভাপতি।



