জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

বাংলা টিভি ডেস্ক: জুলাই যোদ্ধাদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের পতন ঘটেছে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে। ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত বাড়ির চাবি, আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাড়িতে আয়োজিত কর্মসূচিতে আহত জুলাই যোদ্ধাদের সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে একজন আহত জুলাই যোদ্ধাকে নবনির্মিত বাড়ির চাবি, চারজনকে আর্থিক সহায়তার চেক এবং ১০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়। এসব সহায়তার মাধ্যমে তাঁদের আবাসন, আর্থিক সুরক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে তাঁদের পাশে থাকার পাশাপাশি ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।



