৫০০ টাকা বাজিতে খেলেন জীবন্ত পাখি, অটোরিকশাচালক আটক

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজি ধরে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫৭) নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক সাদুল্লাহ ওই এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। মাদারগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কোয়ালীকান্দী বাজারে কয়েকজনের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরেন সাদুল্লাহ। বাজিতে তিনি একটি জীবিত শালিক পাখি কাঁচা খাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেন। একপর্যায়ে তিনি সত্যিই পাখিটি খেয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
পরদিন বুধবার সকালে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন জানান, সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি সাদুল্লাহকে জীবিত শালিক পাখির পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলতে দেখেন। পাখিটি তখনও নড়াচড়া করছিল। পরে সেটি ছিঁড়ে ছিঁড়ে খেতে দেখা যায় তাঁকে। ঘটনাটি দেখতে সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। তাঁদের কেউ কেউ এমন দৃশ্য দেখে উল্লাসও করেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় বন্যপ্রাণীর প্রতি মানুষের আচরণ ও মানবিক মূল্যবোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জেলার পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিহঙ্গ’-এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন বলেন, সহজলভ্য খাবারের বিকল্প থাকা সত্ত্বেও একটি নিরীহ বন্যপ্রাণীকে জীবিত খাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বন্যপ্রাণী ধরা ও হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তিনি এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, সাদুল্লাহকে আটক করে থানায় আনার পর শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছালে আটক ব্যক্তিকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
তবে এ ঘটনায় সাদুল্লাহর সঙ্গে বাজি ধরা ব্যক্তিদের কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন ওসি।
ঘটনাটির পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন মেনে চলা এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা।



