সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

বাংলা টিভি ডেস্ক: বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছোট ভাই ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন আহম্মেদ।
মৃত্যুকালে আব্দুল হাই স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মুন্সীগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই রাজনীতিবিদ।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার জনপ্রতিনিধিত্বের যাত্রা শুরু হয়।
পরবর্তী সময়ে ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, একই বছরের ১২ জুন এবং ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেন।



