বাংলাদেশ

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

বাংলা টিভি ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে উন্মুক্ত গরুভোজ আয়োজনের ঘোষণা দিয়েছেন একদল শিক্ষার্থী। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) ক্যাম্পাসে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন আয়োজকেরা।

বুধবার (১৪ অক্টোবর) রাতে কয়েকজন শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা এ কর্মসূচির ঘোষণা দেন। আয়োজনে অংশ নিতে জনপ্রতি ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে।

কর্মসূচির অন্যতম আয়োজক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, পূজার আগেই ক্যাম্পাসে গরু নিয়ে মিছিল করে তা জবাই এবং গরুভোজের আয়োজন করবেন তারা। এ ক্ষেত্রে প্রশাসন বাধা দিলে তা মোকাবিলার চ্যালেঞ্জও জানান তিনি।

এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার স্বার্থে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ গরুভোজ আয়োজনের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর ক্যাম্পাসে গরুর মাংস রান্না করে খাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। ওই রাতে সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে রান্নার আয়োজন করেন তারা।

এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, পাশের মন্দিরের ইট ব্যবহার করে চুলা তৈরি করা হয়েছিল এবং মন্দিরের সামনে গরুর মাংস রান্নার মাধ্যমে ধর্মীয় স্থানের অবমাননা করা হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রান্নার আয়োজনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, মুক্তমঞ্চের ফাঁকা জায়গায় রান্না করা হয়েছিল এবং এ কাজে মন্দিরের কোনো ইট ব্যবহার করা হয়নি।

ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাই, পরিচ্ছন্নতা ও ধর্মীয় অনুভূতির বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button